UPI পেমেন্টের জগতে পদার্পণ করতে চলেছে Tata Group। জানা গিয়েছে, দেশের সেই নতুন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের নাম হতে চলেছে Tata Pay। তার জন্য সংস্থাটি গত 1 জানুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অ্যাগ্রিগেটর লাইসেন্স পেয়ে গিয়েছে। এই টাটা পে পেমেন্ট প্ল্যাটফর্মটি টাটা ডিজিটালের অংশ, যা সংস্থার ডিজিটাল উইং।এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমেই অনলাইনে ব্যবসা করে টাটা গ্রুপ।
2022 সালে টাটা গ্রুপ তাদের ডিজিটাল পেমেন্ট অ্যাপ্লিকেশন চালু করে। কিন্তু এখনও পর্যন্ত সংস্থাটি আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিত্বে ইউপিআই পেমেন্ট করছিল। পাশাপাশি প্রযুক্তি নিয়েও নতুন কৌশল তৈরি করছে প্রতিষ্ঠানটি। এখন এই টাটা পে, টাটা গ্রুপের দ্বিতীয় পেমেন্ট ব্যবসা হতে চলেছে। গ্রামীণ ভারতে পরিচালনার জন্য সংস্থাটির কাছে ইতিমধ্যেই ‘হোয়াইট লেবেল এটিএম’ লাইসেন্সও রয়েছে। কোম্পানির এই ব্যবসার নাম ইন্ডিক্যাশ।
আরবিআইয়ের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, টাটা এর আগেও প্রিপেড পেমেন্ট ব্যবসায় (মোবাইল ওয়ালেট) হাত লাগিয়েছে। কিন্তু তাতে সেরকম সাড়া মেলেনি। তারপরে সংস্থাটি 2018 সালে লাইসেন্স জমা দিয়ে দেয়। ডিজিটাল পেমেন্ট স্টার্টআপের প্রতিষ্ঠাতা বলেন, ‘পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইটের মাধ্যমে, টাটা সহায়ক সংস্থার সঙ্গে সমস্ত ই-কমার্স সম্পর্কিত লেনদেন করতে পারবে এবং তার পাশাপাশিই আবার এটি তহবিল পরিচালনার কাজেও অনেক সাহায্য করবে।’
Razorpay, Cashfree, Google Pay-সহ অন্যান্য সংস্থার মতো Tata Payও দীর্ঘ অপেক্ষার পর লাইসেন্স পেয়েছে। PA লাইসেন্সের সাহায্যে যে কোনও কোম্পানিকে অনলাইনে লেনদেন করার অনুমতি দেওয়া হয়।এই লাইসেন্সের দ্বারাই সংস্থাটি তহবিল পরিচালনা করারও অনুমতি পায়। তবে Tata Payর পাশাপাশি DigiO গত 1 জানুয়ারি অনলাইন পেমেন্ট ব্যবসা করার জন্য লাইসেন্স পেয়েছে।